October 22, 2026, 11:30 pm
শিরোনাম:

গাছ কাটা নিয়ে বিরোধের জেরে খুন: ৭ দিন পর তালতলী থেকে খুনি গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব সংবাদদাতা।।
নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর আলম ফিডার হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বেলায়েতকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

গত রবিবার (১৭ মে) রাতে বরগুনার তালতলীর নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলায়েত বরগুনা জেলার পাথরঘাটা থানার চর লাঠিমারা (৯নং ইউপি) এলাকার মো. নিজামের ছেলে।

র‌্যাব জানায়, জমি ও গাছ কাটা নিয়ে বেলায়েতের পরিবারের সাথে আলম ফিডারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ মে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলায়েত ও তার সহযোগীরা একত্রিত হয়ে আলম ফিডারকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

উপস্থিত প্রতিবেশীদের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আলম ফিডারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ মে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পর আলম ফিডারের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।