October 22, 2026, 11:28 pm
শিরোনাম:

বানারীপাড়ায় গাঁজা সেবনের সময় আটক ৫ যুবক, মোবাইল কোর্টে ১০ দিন করে কারাদণ্ড

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের লবণসাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তাদের হাতে-নাতে ধরা হয়।

আটক ব্যক্তিরা হলেন:- উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের মো. মিল্লাত হোসেন হাওলাদার (১৯) ও মো. পারভেজ মাঝি (১৯), বিশারকান্দি গ্রামের মো. নাঈম হাসান (২১), এবং পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার উত্তর বলদিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও রহমাতুল্লাহ (১৯)।

পরে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

শনিবার (৯ মে) সকালে সাজাপ্রাপ্তদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “গাঁজা সেবনের সময় পাঁচজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ১০ দিন করে সাজা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।