October 22, 2026, 10:05 pm
শিরোনাম:

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

Reporter Name

নিজস্ব সংবাদদাতা মাদারীপুর।।
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিষ্টি বাড়ৈ নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ।

পুলিশ হেফাজতে থাকা মিষ্টি বাড়ৈ জানান, রোববার সন্ধ্যায় চিন্ময় দাস তার অসুস্থ স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে আসেন। তিনি দু-একদিন শহরে থেকে চিকিৎসা করাবেন বলে জানান এবং তার বাসায় থাকার অনুমতি চান। পরে রাতে তারা ওই বাসায় ওঠেন।

মিষ্টি বাড়ৈ আরও দাবি করেন, রাতে দীর্ঘ সময় দরজায় ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত চিন্ময় দাসের স্ত্রী ইশা দাসের হাতে ক্যানোলা লাগানো ছিল। এ কারণে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ ছিলেন।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “ঘরের ভেতর থেকে সিরিঞ্জ ও কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এ কারণে রোববার দুপুরে মিষ্টি বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।মাদারীপুর র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মনির হোসেন জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

এদিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।