October 22, 2026, 10:04 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে দুর্ধর্ষ চুরি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

Reporter Name

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।
বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে মঙ্গলবার গভীর রাতে সিদ্দিক হাওলাদারের ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় সিদ্দিক হাওলাদারের সৌদি প্রবাসী ছেলে খোকন হাওলাদারের স্ত্রী ইরানি আক্তার সখি বেগম চোরকে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোর। আহত গৃহবধূর চিৎকারে ঘরের লোকজন এগিয়ে এলে চোর দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।