নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬টি মাদক মামলার আসামি হিসেবে পরিচিত চিহ্নিত মাদক সম্রাট সিরাজ গাজীকে আবারও ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটক সিরাজ গাজী ওরফে সিজন গাজী চরামদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিয়ারচর পশ্চিম চরামদ্দি এলাকার জব্বার গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (৬জুন) রাতে চরামদ্দি পুলিশ ক্যাম্পের এসআই আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় সিরাজ গাজীর কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ৭ জুন দুপুরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ গাজীর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে তিনি কয়েকবার গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে সিরাজ গাজীর পুনরায় গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মাদকের বিস্তার রোধে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।