বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে তাকে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের সুজন হাওলাদারের ছেলে। সে শ্যামপুর কাদেরিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর বিকেলে খেলতে বের হয় আব্দুল্লাহ। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির বারান্দায় তাকে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত রশি খুলে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সুজন হাওলাদার বলেন, আব্দুল্লাহ প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে বাড়িতে এসে বিকেলে খেলতে বের হয়েছিল। তার সঙ্গে কারও কোনো ঝগড়া-বিবাদ ছিল বলেও আমাদের জানা নেই। সন্ধ্যার দিকে আমি তাকে বাড়িতে দেখে শ্যামপুর বাজারে চলে আসি। কিছুক্ষণ পর বাড়ি থেকে ফোন করে জানানো হয়, আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির দিকে আসার পথে দেখি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। হাসপাতালে গিয়ে জানতে পারি, সে মারা গেছে।
তিনি আরও বলেন, আব্দুল্লাহ নিজে আত্মহত্যা করেছে, নাকি তাকে কেউ হত্যা করেছে। এ বিষয়ে আমরা কিছুই জানি না। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানাই।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।