জেলা প্রতিনিধি বরিশাল।।
বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে খাল থেকে কচুরিপানা নিজ হাতে পরিষ্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।
“রাখিব চারপাশ পরিস্কার করিবো ডেঙ্গু ও মশক প্রতিকার” প্রতিপাদ্য সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বাকেরবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সহযোগিতায় এ পরিছন্নতা অভিযান পরিচালিত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের খালে দুইপাশ থেকে নিজ হাতে কচুরিপানা পরিষ্কার করে পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন।
পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধার সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস দোলন, ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক আমির হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুন খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেব।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, আমাদের মূল লক্ষ্য বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত উপজেলা উপহার দেওয়া। সবার কাছে সেই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা পাদ্রীশিবপুর ইউনিয়নের কাটাখালী খাল কচুরিপানা মুক্ত করে পরিষ্কার করছি। ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। আসুন সকলে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তুলি। সকলের উচিত কোনোভাবেই রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলা। আমরা আশা করি আমাদের এই কার্যক্রম দেখে স্থানীয় যে সমস্ত সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে উৎসাহিত হবে।