নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ভাঙ্গা পোল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সড়কের পাশের খালে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী দ্রুতগতিতে চলা ট্রাকটি রাত ৩ টায় বাকেরগঞ্জের ভাঙ্গা পোল নামক স্থানে আসলে হঠাৎ চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে সড়ক ছেড়ে পাশের খালে পড়ে উল্টে গিয়ে ট্রাকটি পানিতে ডুবে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চালকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত ট্রাকটির মধ্য থেকে হেলপার হামিদ মন্ডলকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।