বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠী গ্রামে বসত ঘরের প্রধান দরজার সামনে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম দুর্ভোগে পড়েছে এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজলাকাঠী গ্রামের আশ্রাফ আলী মৃধার ছেলে আতিকুর রহমান মনির তার পৈত্রিক সম্পত্তিতে একটি বসত ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছে। এবং ঘরের প্রধান প্রবেশপথ হিসেবে সামনের দরজাটি ব্যবহার করত। সম্প্রতি প্রতিবেশী আবুল কালামের মেয়ে মোহসিনা কচি পূর্ব বিরোধের জেরে ওই দরজার সামনে দেয়াল নির্মাণ করেন। এতে ঘরে প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথ কার্যত বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী আতিকুর রহমান মনির জানান, বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষের সাথে একটি আদালতে মামলা চলমান রয়েছে। হঠাৎ করেই প্রতিবেশী মোহসিনা কচি বিরোধী সম্পত্তিতে আলোচনা ছাড়াই দেয়াল নির্মাণ করেছেন। এতে শিশু, নারী ও বৃদ্ধ সদস্যদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি আরো জানান এই বিষয়ে থানা একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কার্যকারী এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকের চেষ্টা করা হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা বলেন, একটি পরিবারের স্বাভাবিক বসবাসের অধিকার বাধাগ্রস্ত করা অত্যন্ত অমানবিক।
এ বিষয়ে অভিযুক্ত মোহসিনা কচি বলেন, আমরা আমাদের নিজস্ব সম্পত্তিতে দেয়াল নির্মাণ করেছি। অন্যের জমিতে নির্মাণ করিনি। কারো চলাচলের পথ আটকে গেলে আমাদের কিছু করার নেই।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।