October 22, 2026, 10:03 pm
শিরোনাম:

বাকেরগঞ্জে জমির বিরোধে মামলা করায় বাদীর ওপর হামলা, বাগানের শতাধিক গাছ কর্তনের অভিযোগ

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদীর ওপর হামলা ও বাগানের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে মনি আক্তার ও প্রতিবেশী রবিউল ইসলাম, আবদুল সত্তার হাওলাদার, হাছান হাওলাদার, হোসেন আহম্মেদের সাথে দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে কিছুদিন আগে মনি আক্তারের বাগান বাড়ি থেকে প্রতিপক্ষ গাছ কাটলে তিনি বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করলে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। গত শুক্রবার ওই মামলায় আসামিরা জামিনে বের হয়ে আরো ক্ষিপ্ত হয়।

এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা গতকাল ১৪ জুন সংঘবদ্ধভাবে ভুক্তভোগী মনি আক্তারের বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। এতে বাদীর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী মনি আক্তার জানান, আইনের আশ্রয় নেওয়ার কারণে তাকে নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।