বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জে সরকার কর্তৃক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড
তন্ময় হালদার, উপজেলা বিএনপির সদস্য সচিব মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার ও কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল।
বিতরণ কার্যক্রমে চার শত হতদরিদ্র, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে সরকারি বরাদ্দের জন প্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের কোনো মানুষ যেন খাদ্য সংকটে না থাকে, সে লক্ষ্যে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।