October 23, 2026, 3:39 am
শিরোনাম:

বরিশালে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় সেতু ধসে পড়ে ৫ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ, হাজারো মানুষের দুর্ভোগ।

Reporter Name

জিয়াউল হক, বাকেরগঞ্জ বরিশাল।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে বালু বোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় হলতা বাজার সংলগ্ন সেতু ধসে পড়েছে। এতে সেতুটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগস্ট সকাল ১০ টা ৩০ মিনিটের সময় নদী থেকে আসা নিজাম ডাকুয়ার বালু বোঝাই একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে সেতুর মাঝখান থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই সেতু দিয়ে মানুষ ও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরদি ইউনিয়নের হলতা বাজার সংলগ্ন হালকা খালের উপর নির্মিত সেতুটির মাঝখানের পিলারের সাথে বালু বোঝাই একটি বাল্কহেড ধাক্কা লেগে সেতুর পিলিয়ার ভেঙ্গে সেতুটির মাঝখানের অংশ ধসে পড়েছে। এর পর থেকে চরাদি ইউনিয়নের চরাদী, হলতা, স্বন্তোসদী, মকিমাবাদ, দক্ষিণ চরাদি সহ ৫ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এ সেতুর ওপর নির্ভরশীল ২০ হাজার মানুষ প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। সেতুটি দিয়ে চরাদি বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এই সেতুটি ব্যবহার করে।সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প পথে দীর্ঘ দূরত্ব ঘুরে চলাচল করতে হচ্ছে, যা স্থানীয়দের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।

চরাদির স্থানীয় বাসিন্দা নাজমুল জানান, সেতুটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল। বাল্কহেডের বেপরোয়া চলাচল এবং নৌপথে যথাযথ তদারকির অভাবের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

হলতা বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়রা জানান, সেতুটি ধ্বসে পড়ে হাট বাজারে বেচাকিনা বন্ধ হয়ে গেছে। সেতুটি ধসে পড়ায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সেতুটি মেরামত বা পুনর্নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।