নিজস্ব প্রতিনিধি।।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের রসুলপুর এলাকায় সোনালী ব্যাংকের ওপরের তৃতীয় তলায় অবস্থিত তাঁর নিজস্ব ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ডালিয়া আক্তার সুমা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের ৪ নম্বর পানবাড়িয়া গ্রামের আবদুল মজিদ সিকদারের চতুর্থ কন্যা। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডালিয়ার গলাকাটা মরদেহ তাঁর নিজ ফ্ল্যাটে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র আরও জানায়, প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন ডালিয়া। নদী ও লিজা নামে তাঁর দুই মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হওয়ায় তাঁরা নিজ নিজ স্বামীর সঙ্গে বসবাস করছেন।
নিহত ডালিয়ার মেয়ে লিজা দাবি করেন, তাঁর মাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর মা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যুব মহিলা লীগের নেত্রী হওয়ার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তিনি।
মেহেন্দিগঞ্জের পানবাড়িয়া গ্রামের মেয়ে ডালিয়া আক্তার সুমার এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।