বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুমন সিকদার (৩৮) উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা হিসেবে পরিচিত রিগ্যান হাওলাদারের সঙ্গে পূর্বশত্রুতার জেরে সুমন সিকদারের তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান হাওলাদার ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে সুমনের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়েছে।
নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, হামলার পর সুমনের মৃত্যু হয়েছে মনে করে হামলাকারীরা তাকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে পুকুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত রিগ্যান হাওলাদার, সুমন সিকদার ও মনা তালুকদার পলাতক রয়েছেন বলে জানা গেছে। রিগ্যান হাওলাদার ওই এলাকার রফিক হাওলাদারের ছেলে। সুমন সিকদার স্থানীয় বাবুল সিকদারের ছেলে এবং মনা তালুকদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয় বাসিন্দা ও নিহতের ছেলে তানভীর সিকদার জানান, কিছুদিন আগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদারের সঙ্গে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে নিহত সুমনের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই পূর্বশত্রুতা চলছিল বলে তাদের দাবি।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।