জিয়াউল হক, বাকেরগঞ্জ বরিশাল।।
বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত এক সপ্তাহ যাবত পৌর এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সচেতন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে বাকেরগঞ্জ স্টেডিয়াম থেকে বটতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়কে পাশে খালে জলবদ্ধতা নিরসনে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাকেরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
এ সময় উপস্থিত থাকেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জামাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন সহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
অভিযান চলাকালে খালের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর পৌর এলাকা গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য পৌরবাসীরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকারের পরিচ্ছন্ন অভিযান সফল করতে ও পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট না করার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয়রা অংশ নেন। অভিযানের ফলে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন পরিবেশ ফিরে আসে।