বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি।।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বয়লার মুরগিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা প্রায় দুই হাজার বয়লার মুরগির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (৩০ আগস্ট) ভোর রাত ২ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়লার মুরগি নিয়ে ট্রাকটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে মুছরে যায়। ট্রাকে থাকা লোকজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।
নিহত সবুজ মাদারীপুর জেলার সদর থানার
মৃত মোমিন এর পুত্র বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এস আই শাহাদৎ হোসেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেন।
এদিকে ট্রাকটি খাদে পড়ে যাওয়ায় এতে থাকা প্রায় দুই হাজার বয়লার মুরগি মারা গেছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।