নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল।।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরুর বেদনাদায়ক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে ওই এলাকায় একটি কাঠের খুঁটি ভেঙে গেলে সেটির পরিবর্তে কোনো স্থায়ী ব্যবস্থা না করে ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ লাইন সচল রাখা হয়েছিল। বুধবার সকালে মাঠে ঘাস খাওয়ার সময় কয়েকটি গরু ওই ঝুঁকিপূর্ণ ও বিদ্যুৎবাহিত বাঁশের খুঁটির সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়দের সময়োচিত সতর্কতায় মাঠে থাকা আরও বেশ কয়েকটি গরু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ঝুঁকিপূর্ণ খুঁটিটি অপসারণ করে স্থায়ী ও নিরাপদ খুঁটি স্থাপনের দাবি জানানো হলেও বিদ্যুৎ বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। কর্তৃপক্ষের এই চরম অবহেলা ও উদাসীনতার কারণেই আজ নিরীহ গবাদিপশুগুলোর প্রাণ গেল।এই দুর্ঘটনায় সহায়-সম্বল হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা অনতিবিলম্বে প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।