September 12, 2026, 7:21 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

মায়ের ওপর অভিমান, বসতঘরে আগুন: উজিরপুরে যুবক গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলায় মায়ের ওপর অভিমান করে নিজের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত যুবক তামিম হাওলাদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৪ মে রবিবার রাতে উপজেলার দক্ষিণ সাতলা গ্রাম থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

এর আগে একই দিন সকালে অগ্নিসংযোগের এই ঘটনাটি ঘটে। এতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে এবং ভুক্তভোগী পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সাতলা গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে তামিম হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রবিবার সকালে কোনো একটি বিষয় নিয়ে মায়ের ওপর অভিমান করে সে নিজেদের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়।

এই ঘটনায় রোববার দিনই তামিমের বোন সুলতানা বেগম বাদী হয়ে মাদকাসক্ত ভাই তামিমকে একমাত্র আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তামিমের বড় ভাই নাঈম হাওলাদার বর্তমানে প্রবাসে রয়েছেন। বাড়িতে তামিম ও তার মা একসঙ্গে বসবাস করতেন। পরিবারে কোনো শক্ত অভিভাবক না থাকায় তামিম তীব্রভাবে মাদকাসক্ত হয়ে পড়ে।

মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ভাঙচুর ও মায়ের ওপর মানসিক নির্যাতন চালাতো। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে চার চারবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হয়েছিল। কিন্তু রিহ্যাব থেকে ফিরে সে আবারও মাদকের মরণনেশায় জড়িয়ে পড়ে এবং সবশেষ নিজের ঘরে আগুন দেওয়ার মতো ভয়াবহ কাণ্ড ঘটায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক আজিজ জানান, অগ্নিসংযোগের ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর ছিল। রাত সাড়ে ৯টার দিকে সে এলাকায় প্রবেশ করলে স্থানীয় জনতা তাকে আটকে পুলিশে খবর দেয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মাদকাসক্ত তামিম হাওলাদারকে যথাযথ আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।