নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ। বরিশালের বাকেরগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানিকে সামনে রেখে গবাদিপশুর খাদ্যে ও গবাদিপশুর শরীরে স্টেরয়েডজাতীয় ওষুধের ব্যবহার বন্ধ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রয় বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
আজ ১৪ মে সকালে উপজেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তন্ময় হালদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন।
অভিযান চলাকালে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় মেডিসিন ও ফিডের দোকানে অভিযান পরিচালনা করে মোট ৩ জনকে ২৫০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিতকরণে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।