নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ: বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে উপজেলা ভরপাশা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের মধ্য ভরপাশা গ্রামে হালিম হাওলাদারের স্ত্রীর ঘরে সংঘবদ্ধ চোরের দল প্রবেশ করে। গৃহবধূ নাজমা বেগম বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
এসময় আহত নারীর দুই কান ছিরে কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় দুই চোর।
৯ জুলাই সকালে চুরির ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে সুমন শরিফ ও জাহিদ শরিফকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা চুরির ঘটনা স্বীকার করেন। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সুমন শরিফ ও জাহিদ শরিফ মাদক সেবনও ক্রায়-বিক্রয়ের সাথে জড়িত। মাদকের টাকা জোগাড় করতেই তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। তারা এই এলাকায় বিভিন্ন রকম অপরাধের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত।
আহত গৃহবধূকে রাতেই পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।