নিজস্ব সংবাদদাতা।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ টিক্কারমোড় এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে বের হওয়ার পর মো. নাঈম ইসলাম (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৭ জুন শনিবার সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং-১৬১৬
পরিবার সূত্রে জানা যায়, নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে মদনগঞ্জ টিক্কারমোড়স্থ কেন্দ্রীয় জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে আবাসিকভাবে পড়াশোনা করে আসছে। নাঈমের পিতা আব্দুস সাত্তার জানান, গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাঈম মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এর আগে একবার নাঈম মাদ্রাসার মুহতামিমের এক আত্মীয় তথা নাঈমের এক বন্ধুর সঙ্গে বের হয়ে একদিন পর বাসায় ফিরে এসেছিল। তবে এবার সে এখনো বাসা কিংবা মাদ্রাসায় ফিরে আসেনি।
তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় তারা নাঈমের খোঁজ নিতে মাদ্রাসায় গেলে জানতে পারেন, নাঈম সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসা থেকে বের হয়েছিল। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জমির উদ্দিন বলেন, "নাঈম প্রায় তিন বছর ধরে এই মাদ্রাসায় অধ্যয়ন করছে।
সে এই মাদ্রাসায় খাওয়া দাওয়া ও রাত্রিযাপন করতো। তার বাড়ি মাদ্রাসার কাছাকাছি হওয়ার সুবাদে প্রায় সময় গোসলের জন্য সে বাসায়ও যেতেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গত শনিবার সকাল ১১টার দিকে সে এক বন্ধুর সঙ্গে মাদ্রাসা থেকে বের হয়। এবং তার ঐ বন্ধু নাঈমকে মদনগঞ্জ বকুলতলার দিকে যেতে দেখেছেন।অনেক শিক্ষার্থী মাঝেমধ্যে বাসায় গিয়ে এক বা দুই দিন পর মাদ্রাসায় ফিরে আসে। তবে শনিবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারি যে, সে বাসায়ও যায়নি। এরপর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।"
নিখোঁজ হওয়ার সময় নাঈমের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি, কালো পায়জামা এবং মাথায় টুপি।