বাংলামিডিয়া ডেক্স রিপোর্ট।।
ভুগাই ও কংস নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৩ জুন) এ পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে উজানে ভারতের অংশে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে।
আগামী দুই দিন নদ-নদীগুলোর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তবে সেগুলো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে পদ্মা নদীর পানির সমতল বেড়েছে। আগামী তিন দিন এটি স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। এ প্রবণতা আগামী এক দিন অব্যাহত থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিন পানির সমতল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নদী দুটি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানির সমতল আরও বাড়তে পারে। এ সময়ে তিস্তা নদী লালমনিরহাট ও নীলফামারী জেলায় সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী নদীর পানির সমতল কমেছে, তবে ভুগাই ও কংস নদীর পানির সমতল বেড়েছে। আগামী তিন দিন এ নদীগুলোর পানির সমতল আরও বৃদ্ধি পেতে পারে। ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় নদীগুলো সতর্কসীমায় প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চট্টগ্রাম বিভাগের মুহুরি ও সেলোনিয়া নদীর পানির সমতল বেড়েছে। বিপরীতে গোমতী ও ফেনী নদীর পানির সমতল কমেছে। তবে আগামী তিন দিনে মুহুরি, গোমতী, ফেনী ও সেলোনিয়া নদীর পানির সমতল আবারও বৃদ্ধি পেতে পারে।