বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের বিশারীকান্দি এলাকায় তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।